‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, মজুতের দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রাখা একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। তেল মজুত রেখেও বিক্রি না করে কৃত্রিম সঙ্কট তৈরির দায়ে ওই পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের পাম্পে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেয়। বিষয়টি নজরে আসার পর সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে পাম্পের ভূগর্ভস্থ ট্যাংকে স্কেল দিয়ে পরিমাপ করে দেখা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে।
হিসাব অনুযায়ী, পাম্পটিতে দুই হাজার ৩৬৮ লিটার পেট্রল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত পাওয়া যায়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী সাংবাদিকদের জানান, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করে জনভোগান্তি সৃষ্টি করা আইনত অপরাধ। এই অপরাধে ফিলিং স্টেশনটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




















