নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধে কড়াকড়ি, নিরাপত্তায় কঠোর অবস্থান
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে এ বিষয়ে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
তিনি বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠার প্রবণতা পুরোপুরি বন্ধ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী যাত্রীদেরও নিয়ম মেনে চলা ও সচেতন থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাত্রী পারাপার ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ঘাট থেকে কিছুটা দূরে স্থায়ী অবকাঠামো নির্মাণের মাধ্যমে অনিয়ন্ত্রিত নৌকা-লঞ্চ চলাচল নিয়ন্ত্রণে আনা হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, যাত্রীদের স্বস্তির জন্য ইতোমধ্যে লঞ্চ ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে এবং তা কার্যকর রয়েছে।






















