পরকীয়া বিবাদে একই পরিবারের চারজনকে গুলি, দুইজন ঢাকায় প্রেরণ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
খুলনার লবনচরার কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে বৃহস্পতিবার (১৯ মার্চ) একই পরিবারের চারজনকে গুলি করা হয়েছে। ঘটনায় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা। রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাশিদুল মাদক মামলায় কারাগারে থাকার সময় সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। পরে ফাহিমা তার পূর্বের স্বামী ইমরানকে ডিভোর্স দিয়ে রাশিদুলকে বিয়ে করেন। এ ঘটনার জেরে ক্ষুব্ধ হয়ে হামলাকারীরা পরিবারের ওপর হামলা চালায়।
লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান জানান, ৬ জনের একটি দল এই হামলায় জড়িত ছিল। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি ছিল, যা বের করতে না পারায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
























