আগামী পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও শিলাবৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আগামী পাঁচদিন ঝড়ো ও বৃষ্টিপূর্ণ আবহাওয়া থাকতে পারে। এর মধ্যে প্রথম তিনদিন কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে থাকায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ মার্চ) ঈদের সকালেও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। রবিবার ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আরিচায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ বৃষ্টিপাত রাঙামাটিতে ৫৮ মিলিমিটার হয়েছে।




















