ছয় মাস আগে ছাড়লেন মদ্যপান
আইপিএলে নতুনভাবে ফিরতে চান চাহাল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ও পেশাগত টানাপোড়েনের মধ্য দিয়ে সময় কাটালেও নতুন করে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ যুজবেন্দ্র চাহাল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই লেগ স্পিনার এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ ভালো পারফরম্যান্স করে আবারও নজর কাড়তে চান।
নিজেকে নতুনভাবে গড়ে তুলতে জীবনযাপনেও পরিবর্তন এনেছেন চাহাল। সম্প্রতি এবি ডি ভিলিয়ার্স-এর ইউটিউব শোয়ে তিনি জানান, প্রায় ছয় মাস আগে মদ্যপান ছেড়ে দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রশংসাও করেন ডি ভিলিয়ার্স।
চাহাল বলেন, “এখন আমার বয়স ৩৫। আরও বেশি সক্রিয় থাকতে চাই এবং দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। সিনিয়র ক্রিকেটার হিসেবে চাই, জুনিয়ররা আমার থেকে কিছু শিখুক।”
গত মৌসুমে পঞ্জাব কিংস-এর হয়ে ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি তিনি। সেই হার এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। চাহালের মতে, ফাইনালে মার্কো জানসেন দলে থাকলে ফল ভিন্ন হতে পারত।
তিনি বলেন, “জানসেনকে আমরা খুব মিস করেছি। সে থাকলে ট্রফি জেতা সম্ভব ছিল। বল হাতে দুর্দান্ত ছিল, ব্যাটিংয়েও শেষ দিকে বড় শট খেলতে পারত। ও থাকলে প্রতিপক্ষের ওপেনারদের জন্য কাজটা কঠিন হয়ে যেত।”
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-এর প্রস্তুতির জন্য জানসেন দেশে ফিরে যান, যার প্রভাব পড়ে দলের পারফরম্যান্সে।
এছাড়া গত মৌসুমে একাধিক চোটও ভুগিয়েছিল চাহালকে। পাঁজরে চিড় এবং পরে হাঁটুর চোটের কারণে সেমিফাইনাল ও ফাইনালে নিজের স্বাভাবিক বোলিং করতে পারেননি তিনি।
তবে নতুন মৌসুম সামনে রেখে আত্মবিশ্বাসী এই স্পিনার। চাহালের ভাষায়, “এবার সবার আগে শরীরের যত্ন নেব, যেন পুরো টুর্নামেন্টে সেরাটা দিতে পারি।”




















