ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ, অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত নারীর (প্রায় ২৮) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর স্টেশনের মাঝামাঝি পাটিকাবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, ট্রেনটি অতিক্রম করার পর স্থানীয়রা রেললাইনের পাশে এক নারীর মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে ওই নারীকে রেললাইনের পাশে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে তিনি স্বামীর সঙ্গে বিরোধের কথা উল্লেখ করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।























