অফিস-ব্যাংক ও মার্কেটের নতুন সময়সূচি কার্যকর
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। আগে অফিস সময় বিকেল ৫টা পর্যন্ত থাকলেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমানো হয়েছে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।
তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, ডাক ও টেলিযোগাযোগ, হাসপাতাল এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সেবাগুলো আগের মতোই চলবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্পপ্রতিষ্ঠানের কর্মঘণ্টা শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
ব্যাংকিং খাতেও এসেছে পরিবর্তন। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে দাপ্তরিক কাজের জন্য কর্মকর্তাদের বিকেল ৫টা পর্যন্ত থাকতে হবে। বন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখাগুলো আগের মতোই ২৪ ঘণ্টা খোলা থাকবে।
এদিকে সব বিপণিবিতান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা বহাল রয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি থাকলেও আপাতত এই সময়সীমা পরিবর্তন করা হয়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীর ক্লাস চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। তবে প্রাথমিক পর্যায়ে অনলাইন ক্লাস বাস্তবায়ন নিয়ে কিছু সীমাবদ্ধতা থাকায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার।
সরকার মনে করছে, রমজান ও ঈদের ছুটির পর এই নতুন সময়সূচি জ্বালানি সাশ্রয় এবং সামগ্রিক অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক হবে।





















