সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, জেলে উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
সুন্দরবনে ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সুন্দরবনের খড়কুড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার কয়রা থানার সুন্দরবন সংলগ্ন খড়কুড়িয়া খাল এলাকায় জোনাব বাহিনীর অবস্থান রয়েছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেকে ফেলে রেখে বনের গভীরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও অপহৃত জেলে মজিবর গাজীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














