রাহুলের অকাল প্রয়াণে শোকের ছায়া টলিউড অঙ্গনে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
কলকাতার টলিউড অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার (২৯ মার্চ) পূর্ব মেদিনীপুরের দীঘা সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলাকালে সমুদ্রের জলে নেমে দুর্ঘটনার শিকার হন তিনি। সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে ইউনিটের ভেতরেই।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মাত্র তিন বছর বয়সে বাবার হাত ধরে থিয়েটারে প্রবেশ এবং সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু। পরবর্তীতে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেন।
নাকতলা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং আশুতোষ কলেজে উচ্চশিক্ষা সম্পন্ন করেন তিনি। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও আগ্রহ ছিল তার। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী ও সহজ-সরল স্বভাবের, যা তাকে সহকর্মীদের কাছে প্রিয় করে তুলেছিল।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে “চাকা”, “পরাণ যায় জ্বলিয়া রে”, “ভালোবাসা জিন্দাবাদ”, “মেঘে ঢাকা তারা”, “জুলফিকার”সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র। এছাড়া টেলিভিশন সিরিয়ালেও তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।
তার আকস্মিক মৃত্যুতে শোকাহত পুরো টলিউড। সহকর্মীরা এই মৃত্যু মেনে নিতে পারছেন না। অনেকেই ঘটনাটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়েও প্রশ্ন তুলেছেন। শুটিং সেটে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও সন্তান রেখে গেছেন। তার অকাল প্রয়াণে পরিবার-পরিজন ও সহকর্মীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। বাংলা চলচ্চিত্র অঙ্গন হারালো এক সম্ভাবনাময় ও জনপ্রিয় অভিনেতাকে।














