শরণখোলায় শ্রমিকের রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মৃত জলিল মোল্লার ছেলে বাইজিদ মোল্লা (১৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিক রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইজিদ শরণখোলা থানার সামনের মেসার্স মা স্টিল অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করতেন। দুপুরে মালিক সাইফুল ইসলাম তাকে ও আরও কয়েকজন শ্রমিককে কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে লোহার অ্যাঙ্গেল ও টিন লাগানোর কাজে পাঠান। এই সময় বাইজিদ অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ইব্রাহিম মোল্লা দাবি করেছেন, বাইজিদের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তিনি মৃত্যুর সঠিক তদন্তের দাবি করেছেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নওশিন রিজওয়ানা জানান, বাইজিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক জানিয়েছেন, পরিবার মৃত্যুকে সন্দেহজনক মনে করছে। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার পর একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।





















