আমতলীতে এক’শ টাকার জন্য পোশাক শ্রমিক সজিব খুন
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বরগুনা জেলার আমতলী উপজেলায় কুড়া (ধানের খশি) ক্রয়ের মাত্র এক’শ টাকার বিবাদের জেরে পোশাক শ্রমিক সজিব আকন নিহত হয়েছেন। একই ঘটনায় তার পরিবারের আরও ছয় জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার প্রধান আসামী সোনা মিয়া প্যাদা এবং তার সহযোগী ১৫-২০ জন সন্ত্রাসী গত ২১ মার্চ সকাল ১০ টার দিকে কলাগাছিয়া গ্রামের আয়নালী আকনের বাড়িতে হামলা চালায়। হামলায় আয়নালী আকন, আল আমিন আকন, সজিব আকন এবং রোকেয়া বেগমসহ ছয়জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ৩০ মার্চ দুপুরে সজিব আকন মারা যান। নিহত সজিব ঢাকায় পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং ঈদুল ফিতরের জন্য ২০ মার্চ বাড়িতে এসেছিলেন।
ঘটনার পর নিহত সজিব আকনের বড় ভাই রুহুল আমিন আকন ১৩ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইতিমধ্যে ৮ জন আসামী আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন জানিয়েছেন, বাকী আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হওয়ার আশা করা হচ্ছে। এলাকাবাসীও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





















