এলজিইডির উন্নয়নে সমন্বিত পরিকল্পনার আহ্বান মির্জা ফখরুলের
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার পর্যায়ের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ মার্চ) জধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে কাজের মান উন্নয়ন এবং দেশপ্রেম বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ছোট ছোট বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে বৃহৎ ও সমন্বিত প্রকল্প গ্রহণ করলে উন্নয়নের সুফল বেশি পাওয়া যাবে।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখা, সময়মতো কাজ শেষ করা এবং সরকারি অর্থের অপচয় রোধের ওপর জোর দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন-এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি এবং উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।





















