জ্বালানি সংকট ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম।
চিফ হুইপ জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সরকার ভর্তুকির মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি ও সীমান্ত দিয়ে তেল পাচারের চেষ্টা করছে। এ অবস্থায় চিরুনি অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেছেন, যেন কেউ অপ্রয়োজনে তেল মজুত করতে না পারে এবং কোথাও দাম বাড়ানো না হয়।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ মেট্রিক টন তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে এবং আরও সমপরিমাণ তেল আসার পথে রয়েছে।
আগামী সংসদ অধিবেশনে জ্বালানি মন্ত্রী এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন। পাশাপাশি জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের এই কঠোর অবস্থান জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















