সিলেটে গ্যাস লাইনে রহস্যময় তরল পদার্থ, বিপাকে গ্রাহকরা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সিলেট নগরীতে আবাসিক গ্যাস লাইনে রহস্যময় তরল পদার্থের উপস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ। এর ফলে অনেক এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়া ও চুলা জ্বলা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বিশেষ করে নগরীর দরগাহ মহল্লা সংলগ্ন পায়রা আবাসিক এলাকা, ছড়ারপার ও বনকলাপাড়া এলাকায় গত এক মাস ধরে সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
ভুক্তভোগীরা জানান, হঠাৎ গ্যাসের চাপ কমে গিয়ে কয়েকদিন টিমটিমে শিখায় চলার পর একপর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়রা এলাকার বাসিন্দা নাঈমুল হক গালিব বলেন, “গ্যাস লাইনে তরল পদার্থ জমে থাকে, যেখান থেকে কেরোসিনের মতো গন্ধ পাওয়া যায়।”
তিনি জানান, গত রমজান মাসে একাধিকবার এ সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে পাইপলাইনে জমে থাকা ওই তরল পদার্থ শনাক্ত করে অপসারণ করে। তবে সাময়িক সমাধানের পর আবারও একই সমস্যা দেখা দিচ্ছে।
শুধু পায়রা নয়, নগরীর বিভিন্ন এলাকায় শত শত গ্রাহক একই অভিযোগ করছেন।
জালালাবাদ গ্যাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাস ফিল্ড থেকেই নিম্নমানের বা তরল মিশ্রিত গ্যাস সরবরাহের কারণে পাইপলাইনে কন্ডেনসেট জমে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
এ অবস্থায় অনেক পরিবার হোটেলের খাবার বা বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন, ফলে বাড়ছে খরচ।
ভুক্তভোগীরা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান, মানসম্মত গ্যাস সরবরাহ এবং পাইপলাইন সংস্কারের দাবি জানিয়েছেন।





















