পদ্মায় বাসডুবি: নিহতদের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার (২৫ মার্চ) পাঠানো নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট সচিবসহ একাধিক কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ফেরিঘাট ব্যবস্থাপনা বা পরিবহন সংশ্লিষ্টদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় কুমারখালী–রাজবাড়ী রুটে চলাচলকারী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিগ্যাল নোটিশে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, কর্মক্ষমদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও সতর্ক করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময় স্বল্পতার কারণে প্রথমে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে, পরে ডাকযোগেও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।





















