অবসরের পর আবারও দায়িত্বে রশীদ মিয়া, চুক্তিতে এলজিইডির প্রধান প্রকৌশলী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রধান প্রকৌশলী হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. আব্দুর রশীদ মিয়া। মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তিনি দায়িত্ব পালন করবেন। এ সময় তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত থাকবে এবং অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না।
এর আগে আব্দুর রশীদ মিয়া চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে অবসরে গেলেও নতুন করে তাকে এই গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনা হলো।
কর্মজীবনে তিনি দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজি (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থেকে পুরকৌশলে স্নাতক এবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাজীবনের শুরুতে জাপানের বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুবিশিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন তিনি। পরে ১৯৮৯ সালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরোতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মানবসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জেন্ডার ইউনিটেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।























