পানিসম্পদমন্ত্রী
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জড়িত হলে কাউকেই ছাড় নয়
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো খাতে অনিয়ম হলে সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে—সরকার কোনো দায় নেবে না।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ বা এলজিইডি—যেখানেই হোক না কেন, কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সবসময় সতর্ক রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে—তিনি সরকারি কর্মকর্তা হোন বা রাজনৈতিক ব্যক্তি—তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী অভিযোগ করেন, গত বছরগুলোতে বাস্তব প্রয়োজন ছাড়াই অনেক মেগা প্রকল্প নেওয়া হয়েছে। কিছু প্রকল্প প্রয়োজনীয় হলেও অনেক ক্ষেত্রে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে।
“এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটিতে পৌঁছেছে—এগুলোতে বড় ধরনের দুর্নীতি হয়েছে,” বলেন তিনি।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে, যা ফেরত পাওয়া অনিশ্চিত।
তিনি বলেন, দেশে ৭-৮টি ব্যাংক বর্তমানে অচল অবস্থায় রয়েছে, যার পেছনে লুটপাট ও অর্থপাচার দায়ী।
মন্ত্রী আরও বলেন, কঠিন সময়ে দায়িত্ব নিয়েছে সরকার, এই পরিস্থিতি মোকাবেলায় সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।





















