আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে টাকা আদায়, হুঁশিয়ারি বিএনপি নেতার
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে পুনর্বাসনের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
রোববার (২৩ মার্চ) দুপুরে জয়পুরহাট সদর থানার পাশে নিজ বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা ও পাঁচবিবি উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তার বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফয়সল আলিম বলেন, বিএনপির রাজনীতি সৎভাবে করতে হবে। আওয়ামী লীগের বাড়িঘর পোড়ানো ঠেকানোর নামে কিংবা মামলা-ভয়ভীতি দেখিয়ে কোনোভাবে অর্থ আদায় করা যাবে না। হিন্দু সম্প্রদায়কে ভয় দেখিয়ে টাকা নেওয়া বা ত্রাণসামগ্রী বিক্রির মতো কর্মকাণ্ডও মেনে নেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, জয়পুরহাটের চকবরকত এলাকায় আওয়ামী লীগের লোকজনের ১৬টি গরু বিক্রি করে দেওয়া হয়েছে।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জয়পুরহাট ও পাঁচবিবিতে চাঁদাবাজির কোনো স্থান হবে না। সামনে স্থানীয় নির্বাচন—চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না। এসব বন্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”
পরে যোগাযোগ করা হলে ফয়সল আলিম বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





















