বিদেশি উচ্চশিক্ষা সহজ হচ্ছে, ১০ লাখ টাকার ঋণ অনুমোদন
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি ইত্যাদি দেশে শিক্ষার্থী হিসেবে যাবেন, তাদের জন্য এই ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। ঋণ প্রদান করবে মন্ত্রণালয়ের নিজস্ব প্রবাসী কল্যাণ ব্যাংক।
বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত কর্মপরিকল্পনার ফলোআপ আলোচনা করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী নুর আশ্বাস দিয়েছেন যে, এই সংকট রেমিটেন্স বা শ্রমবাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না; বরং পুনর্গঠন কাজে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ভাষা শেখার ওপর জোর দিয়েছেন, যাতে প্রবাসী শ্রমিকরা কেবল নিম্নমূল্যের চাকরিতে সীমাবদ্ধ না থেকে ভালো বেতন ও কর্মসংস্থান পেতে পারেন। জাপানে এক লাখ শ্রমিক পাঠানোর জন্য ইতিমধ্যেই একটি এমওইউ হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে।























