ফ্রান্সের পৌরসভা নির্বাচনে বামেদের দাপট, প্যারিসে বড় জয়
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
ফ্রান্স-এর সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে বামপন্থী দলগুলোর দাপট দেখা গেছে স্পষ্টভাবে। ডানপন্থীদের পেছনে ফেলে রাজধানী প্যারিস-সহ বেশিরভাগ বড় শহরে জয় পেয়েছে বাম জোট।
প্যারিসের মেয়র নির্বাচনে সোশালিস্ট পার্টির প্রার্থী এমানুয়েল গ্রেগোয়ার ৫১ থেকে ৫৩ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রাশিদা দাতি-কে পরাজিত করেছেন। নির্বাচনের আগে থেকেই বুথফেরত জরিপে বামেদের জয়ের ইঙ্গিত মিললেও ফলাফলে সেই প্রবণতাই নিশ্চিত হয়েছে।
ডানপন্থীদের মোকাবিলায় এবার ঐক্যবদ্ধ হয় বামপন্থী দলগুলো—‘লা ফ্রান্স ইনসুমে’, সোশালিস্ট, গ্রিন ও কমিউনিস্টদের জোট এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে।
রাজধানীর বাইরে মার্সেই শহরেও বামেদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। সেখানে সোশালিস্ট মেয়র বেনেই পায়ান প্রায় ৬৫ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হওয়ার পথে। এছাড়া লিও ও লিল শহরেও নিজেদের অবস্থান ধরে রেখেছে বামপন্থীরা।
সোশালিস্ট পার্টির প্রধান অলিভিয়ার ফোর এই ফলাফলকে ‘উগ্র ডানপন্থা ও অভিবাসনবিরোধী রাজনীতির বিরুদ্ধে জনমতের জবাব’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তবে ব্যতিক্রম হিসেবে নিস শহরে জয় পেয়েছেন ডানপন্থী নেতা এরিক চিত্তত্তি। অন্যদিকে, উগ্র ডানপন্থী দল ‘ন্যাশনাল র্যালি’ বড় শহরগুলোতে ব্যর্থ হলেও ছোট কিছু পুরসভায় সীমিত সাফল্য পেয়েছে।
সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন ফ্রান্সের জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের জন্য এটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।





















