ডায়াবেটিসে কিডনি সুরক্ষায় জরুরি সতর্কতা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ডায়াবেটিস এমন এক নীরব ঘাতক, যা ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে কিডনি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। গবেষণায় দেখা গেছে, বিশ্বজুড়ে কিডনি রোগ বৃদ্ধির পেছনে অন্যতম বড় কারণ ডায়াবেটিস।
রক্তে অতিরিক্ত শর্করা কিডনির সূক্ষ্ম ছাঁকনি নালিগুলোকে নষ্ট করে দেয়। ফলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে বাধাগ্রস্ত হয় এবং ধীরে ধীরে তৈরি হয় কিডনি রোগ।
বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপনই পারে এই ঝুঁকি অনেকটাই কমাতে।
কীভাবে কিডনি ভালো রাখবেন
১. রিফাইন্ড কার্বোহাইড্রেট কমান
শুধু চিনি নয়, ময়দা, পাস্তা, নুডলস, সাদা পাউরুটি, চিপস—এসব খাবার দ্রুত রক্তে শর্করা বাড়ায়। দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে কিডনি বিকলের ঝুঁকি বাড়ে।
২. পর্যাপ্ত পানি পান করুন
কম পানি খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। শরীরের বর্জ্য বের করতে পর্যাপ্ত পানি খুবই গুরুত্বপূর্ণ।
৩. অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন
চিপস, আচার, পাপড়সহ অনেক খাবারে অতিরিক্ত লবণ থাকে, যা কিডনির ওপর চাপ বাড়ায়। ডায়াবেটিসে এই ঝুঁকি আরও বেশি।
৪. প্রোটিন গ্রহণে ভারসাম্য রাখুন
প্রোটিন শরীরের জন্য জরুরি হলেও অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ ফেলে। তাই পরিমিত পরিমাণে প্রোটিন গ্রহণ করা উচিত।
৫. সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন
নিয়মিত ও পরিমিত খাবার খাওয়া জরুরি। টাটকা শাকসবজি, ফল এবং আঁশযুক্ত খাবার রাখতে হবে খাদ্যতালিকায়। এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাত খাবার, ভাজাপোড়া, ধূমপান ও মদ্যপান।
কেন সতর্কতা জরুরি
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং একসময় ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
তাই সময় থাকতেই খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনাই সবচেয়ে বড় প্রতিরোধ।




















