অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি মোশন (প্রস্তাব) উত্থাপিত হয়েছে। মূলত বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন ও এর ঐতিহাসিক ফলাফলকে কেন্দ্র করে এই প্রস্তাব উত্থাপন করেছেন সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড।
সোমবার (২৩ মার্চ) দেশটির সংসদে প্রস্তাব উত্থাপন করা হয় বলে নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক। এর আগে অ্যাবিগেইল বয়েড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র মৃত্যুতে অস্ট্রেলিয়ার সংসদে শোক প্রস্তাবও উত্থাপন করেছিলেন।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃত। বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঐতিহাসিক দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে।
অ্যাবিগেইল বয়েড বলেন, নির্বাচনে রেকর্ড ৫৯ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন, যা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রমাণ এবং দেশের গণতান্ত্রিক শক্তিকে দৃঢ় করেছে। এছাড়া ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটেও ৬০ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন। এই সনদে শাসনব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য ৮০টিরও বেশি প্রস্তাবনা অন্তর্ভুক্ত রয়েছে, যা নতুন সরকার বাস্তবায়ন করবে।
প্রস্তাবের মাধ্যমে বিএনপি ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশের জনগণকে তাদের সাহসী সক্রিয়তা ও আন্দোলনের জন্য সাধুবাদ জানানো হয়। প্রস্তাবে বলা হয়েছে, এই নির্বাচনের সাফল্য স্বাধীনতা ও ন্যায়বিচারের পথকে আরও দৃঢ় করেছে।
গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ১৩তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য। বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন। জনগণকে ধন্যবাদ, তাদের সাহসী আন্দোলন দেশটিতে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছে।




















