এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তেলের দাম বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বাড়বে। তবে এই বাস্তবতা মেনে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের ওপর সরাসরি প্রভাব ফেলছে। জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, যার প্রভাব দেশের বাজারেও পড়বে। সামনে আমাদের জন্য সময়টা সহজ হবে না।’
তিনি আরও বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা পাম্প ভাঙচুর সহ্য করা হবে না। ‘আইনের বাইরে গিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে,’ বলেন তিনি।
রাজনৈতিক বক্তব্যে তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা ভোট দিয়ে জান্নাতের টিকিট নেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা কাজের মাধ্যমে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির সমালোচনাও করেন।
কৃষি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। ‘আমাদের কৃষকের জীবন এমনই চ্যালেঞ্জে ভরা। তবু তারা লড়াই করে যাচ্ছে। আমরা তাদের কষ্ট বুঝি,’ বলেন তিনি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিঋণ মওকুফসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে দেশের কোটি কোটি নারীকে সহায়তার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, দেশের অবকাঠামো উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে সারা দেশে প্রায় ২০ হাজার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।





















