‘হত্যা’ মামলা তথ্যগত ভুল, শেখ হাসিনাকে অব্যাহতি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিশু জিহাদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। তদন্তে ভুক্তভোগী জীবিত পাওয়ায় মামলাটি তথ্যগত ভুল হিসেবে বিবেচিত হয়েছে।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার (১৯ মার্চ) এ আদেশ দেন। এর আগে ২০২৫ সালের ১১ আগস্ট পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আবদুল নূর জানান, মামলার এজাহার, অভিযোগপত্র ও ভুক্তভোগীর জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়—এটি হত্যা মামলা হিসেবে দায়ের হলেও সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত রয়েছেন। তিনি কেবল আহত হয়েছেন এবং আদালতেও তা স্বীকার করেছেন।
মামলাটি দায়ের করেন জিহাদের বাবা জহিরুল ইসলাম রাজু, যিনি তার ছেলেকে নিহত দাবি করে শেখ হাসিনাসহ ১২৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। তবে তদন্তে পুলিশ জানতে পারে, জিহাদ নিহত হননি; বরং অন্যত্র আহত হওয়ার ঘটনাকে কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এ প্রেক্ষিতে আদালত মামলাটিকে অসঙ্গত হিসেবে বিবেচনা করে সব আসামিকে অব্যাহতি দেন।





















