ঈদযাত্রার অব্যবস্থাপনায় ক্ষোভ জানালেন জামায়াত আমির
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের ভোগান্তি ও পরিবহন খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এটি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট অব্যবস্থাপনা। এ পরিস্থিতির দায় সরকারের ওপর বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান বলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্যই এ অব্যবস্থাপনার ভিত্তি তৈরি করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ঈদযাত্রায় ভাড়া কম নেওয়ার যে কথা বলা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এটি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।
তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের এই দুর্ভোগের দায় কে নেবে এবং দেশের পরিস্থিতি আবারও ফ্যাসিবাদের দিকে যাচ্ছে কি না।
জামায়াত আমির আরও বলেন, জনগণ ও তরুণ সমাজ কোনো ধরনের স্বৈরাচার মেনে নেবে না। সময় থাকতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় এর দায় সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।





















