আমতলীতে জামিনে বের হয়ে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি
- সংবাদ প্রকাশের সময় : ১১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বরগুনা জেলার আমতলী উপজেলায় চালিতাবুনিয়া গ্রামের জাকির হোসেন গাজী ও তার ছেলে রাকিবুলকে হত্যা চেষ্টা মামলার আসামী মোঃ ইউসুফ মুসুল্লী জামিনে বের হয়েই মামলার বাদী নাজমা আক্তার ও তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার ও তার লোকজনের ভয়ে মামলার বাদী ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছে না। এ ঘটনায় বুধবার (১৮ মার্চ) রাতেই স্ত্রী মামলার বাদী নাজমা আক্তার আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
জানাগেছে, ২০২১ সালে আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজিজ মুসুল্লীর কাছ থেকে জাকির হোসেন গাজী ১০ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে তিনি বসতবাড়ী নির্মাণ করেন। বসতবাড়ী নির্মাণের পর থেকেই ইউসুফ মুসুল্লী, আজিজ মুসুল্লী, দুলাল মুসুল্লী ও তার লোকজন জাকির হোসেন গাজীকে নানাভাবে হয়রানী করে আসছে। জাকিরের অভিযোগ বসতবাড়ী থেকে তাকে উচ্ছেদ করে ওই জমি দখল করতেই ইউসুফ মুসুল্লী ও তার লোকজন তাকে ও তার পরিবারকে নানাভাবে হয়রানী করছে। গত ২৫ ফেব্রুয়ারী জাকির হোসেন গাজীর পাঁচটি হাঁস আজিজ মুসুল্লীর ধান খেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজ মুসুল্লী, ইউসুফ মুসুল্লী ও তাদের লোকজন জাকির হোসেন গাজী, তার ছেলে রাকিবুল ইসলাম গাজী ও স্ত্রী নাজমা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় ২৬ ফ্রেব্রুয়ারী আহত জাকির হোসেন গাজীর স্ত্রী মোসাঃ নাজমা বেগম প্রভাবশালী ইউসুফ মুসুল্লীকে প্রধান আসামী করে পাঁচজনের নামে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।
আদালতের বিচারক মোঃ ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহন করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। ঘটনার ২৩ দিন পর মামলার প্রধান আসামী মোঃ ইউসুফ মুসুল্লীকে বুধবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। ওইদিন বিকালে তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক তাকে ওইদিনই জামিন মঞ্জুর করেছেন। জামিনে বের হয়েই ইউসুফ মুসুল্লী ও তার লোকজন জাকির গাজীর বাড়ীতে গিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে এমন অভিযোগ জাকির গাজীর। তাদের ভয়ে জাকির গাজী ও তার পরিবারের লোকজন ঘর থেকে বের হতে পারছে না। এ ঘটনায় বুধবার রাতে জাকির গাজীর স্ত্রী হত্যা চেষ্টা মামলার মামলার বাদী নাজমা আমতলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ভুক্তভোগী জাকির হোসেন গাজী বলেন, ইউসুফ মুসুল্লীকে বুধবার পুলিশ গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছেন। আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। জামির পেয়েই ওইদিন রাতে আমার বাড়ীতে এসে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে। ইউসুফ মুসল্লী ও তার লোকজনের ভয়ে আমরা ঘর থেকে বের হতে পারছি না। পুলিশ প্রশাসনকে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।
হত্যা চেষ্টা মামলার আসামী ইউসুফ মুসুল্লী বলেন, জামিনে বের হয়ে আমি কাউকে প্রাণ নাশের হুমকি দেইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনায় হত্যা চেষ্টা মামলার বাদী নাজমা থানায় সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।























