যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী, গুলশানের বাসভবনেই থাকছেন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান-এর নিজ বাসভবন থেকেই তিনি সরকারি কার্যক্রম পরিচালনা করবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশেষ কোনো দাপ্তরিক বা রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া আপাতত প্রধানমন্ত্রী যমুনায় উঠছেন না। নিজ বাসভবনে থেকেই দায়িত্ব পালন করতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
তবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দান-এ প্রধান জামাতে অংশ নেবেন তিনি।
নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন কি না—এ নিয়ে আলোচনা চলছিল। তবে আপাতত তিনি গুলশানের বাসভবন থেকেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।





















