ঈদের নামাজে আনা যাবে না ব্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এবারের জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে কড়াকড়ি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সাংবাদিকদের জানান, নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুসল্লিরা কেবল জায়নামাজ, ছাতা এবং মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। ব্যাগ বা কোনো দাহ্য পদার্থ প্রবেশের অনুমতি নেই।
তিনি আরও জানান, পুরো ঈদগাহ এলাকা সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। “প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য আলাদা গেট রয়েছে। সকলকে মূল গেট দিয়ে সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে হবে,” বলেন তিনি।
বরাবরের মতো জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাত আয়োজন করা হবে।
জাতীয় ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি জামাত এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলা মাঠেও বিশেষ জামাতের ব্যবস্থা থাকবে।




















