জনকল্যাণই রাজনীতির মূল লক্ষ্য: দীপেন দেওয়ান
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
রাজনীতি মানুষের কল্যাণে নিবেদিত হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, রাজনীতিতে হিংসা বা প্রতিহিংসার কোনো স্থান নেই; এটি হওয়া উচিত সম্পূর্ণভাবে জনগণের সেবামুখী।
বুধবার (১৯ মার্চ) রাঙ্গামাটি শহরের কলেজ গেইট সংলগ্ন মোটেল জর্জ অডিটোরিয়ামে ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় জনকল্যাণে কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন এবং সেই পথেই সবাইকে এগিয়ে যেতে হবে। তিনি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী ও মানবিক উদ্যোগের মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানবিক ফান্ড রাঙ্গামাটি’র সভাপতি ইদ্রিছ হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।























