ট্রেন দুর্ঘটনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বগুড়ার সান্তাহারে ঈদযাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার পর ক্ষয়ক্ষতি কমানো ও দুর্ভোগ এড়াতে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় তিনি বগুড়া জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার এবং রেল যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
একইসঙ্গে যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে আলমদীঘি এলাকায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
বগুড়া জেলা প্রধানমন্ত্রীর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এ দুর্ঘটনার প্রতি তিনি বিশেষ নজর রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















