প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম সচল রাখতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে মঙ্গলবার (১৭ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে তাঁর কার্যালয়ের সার্বিক কার্যক্রম তদারকি করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-কে।
সরকার জানিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর, বিল উত্থাপন ও বিভিন্ন আলোচনায় সরকারের সক্রিয় উপস্থিতি বজায় রাখাই এর মূল লক্ষ্য।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ধারাবাহিকতা রক্ষায় বিকল্প দায়িত্বপ্রাপ্তদের একটি পূর্ণাঙ্গ তালিকাও নির্ধারণ করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
সরকারের আশা, এ পদক্ষেপের ফলে জাতীয় সংসদের কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা বা বিঘ্ন সৃষ্টি হবে না এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে





















