বঙ্গবন্ধুর জন্মদিন আজ
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজ ১৭ মার্চ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান-এর ১০৭তম জন্মদিন। ১৯২০ সালের এই দিনে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত শেখ পরিবারে তার জন্ম হয়।
রাজনৈতিক জীবনে তিনি ব্রিটিশ ভারত এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানে বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে তিনি নেতৃত্ব দেন।
১৯৬৬ সালে তিনি ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন, যা পরবর্তীতে বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি হয়ে ওঠে। ১৯৬৮ সালে তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়। তবে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে পাকিস্তান সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় এবং তিনি মুক্তি পান। মুক্তির পর ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করলে শুরু হয় অসহযোগ আন্দোলন। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তিনি ঐতিহাসিক ভাষণ দেন, যা পরবর্তীতে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তিনি গ্রেপ্তার হন এবং মুক্তিযুদ্ধের পুরো সময় পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। স্বাধীনতার পর তিনি প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকার ধানমন্ডির বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার দিনটির রাষ্ট্রীয় মর্যাদা ও সরকারি ছুটি বাতিল করে। একই সঙ্গে ২০০৯ সাল থেকে পালন করা জাতীয় শিশু দিবসও বন্ধ করা হয়। পরিবর্তিত প্রেক্ষাপটে এবারও বঙ্গবন্ধুর জন্মদিন ঘিরে কোনো সরকারি কর্মসূচি পালন হচ্ছে না।




















