র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধানমন্ত্রী তারেক রহমান-কে চিঠি পাঠিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়েছে। এসব সংস্থা হল হিউমান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ মোট ৯টি। চিঠি একইসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকলেও, এটি মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার কার্যকর করার সুযোগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ ছিল। যদিও এসব ঘটনা অনেকাংশে কমেছে, তবে রাজনৈতিক প্রতিপক্ষকে আটক, সাংবাদিকদের ওপর চাপ এবং ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনার সম্পূর্ণ অবসান হয়নি।
চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা জরুরি। পাশাপাশি মানবাধিকার সুরক্ষার জন্য প্রয়োজনীয় নীতিগত ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি সুপারিশও তুলে ধরেছে আন্তর্জাতিক সংগঠনগুলো।




















