তারেক রহমান
দেশকে এগিয়ে নিতে সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর কৃষি অঞ্চল, আমরা এখান থেকেই খাল খনন শুরু করেছি। কারণ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যা জমি আবাদে সমস্যা সৃষ্টি করছে। পানিতে আয়রন বাড়ছে। বর্ষার পানি ধরে রেখে আমরা এটিকে কাজে লাগাতে চাই।”
সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের গোরে শহীদ ময়দানে জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমরা ফ্যামিলি কার্ড চালু করেছি, যা মন্ত্রী-এমপি, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সবাই পাবেন। তবে কাদের আগে পাওয়া উচিত তা আমরা সবাই বুঝি। সব এমপি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, এক মাসের মধ্যে সে অনুযায়ী কাজ শুরু করেছি।”
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “নির্বাচনের সময় সারা বাংলাদেশ ঘুরে দেখেছি, দীর্ঘ ১৫ বছরে দেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সেভাবে হয়নি। তাই দেশকে এগিয়ে নিতে হলে সবাই মিলে কাজ করতে হবে। আমাদের ধৈর্য ধরে এগোতে হবে। গত ১৫-১৬ বছরে যে কাজগুলো হয়নি, সেগুলো ১৫-১৬ মাসে করা সম্ভব নয়। যারা এই সরকারকে ভোট দিয়েছেন, যারা ভোট দেননি—সবাইকে এই সরকার সমানভাবে সেবা দেবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল। সঞ্চালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।




















