রাণীশংকৈলে গম চাষে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের একটি গমক্ষেত সোমবার সকালে যেন হয়ে উঠেছিল কৃষি শিক্ষার ছোট্ট মাঠশালা। চারদিকে সবুজ গমের দোলা, আর তার মাঝেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের নানা কৌশল শিখলেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) ‘পাটনার প্রকল্প’-এর আওতায় ৫০ জন কৃষক–কৃষানিকে নিয়ে অনুষ্ঠিত হয় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। উদ্দেশ্য—গম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন।
বাজেবকসা গ্রামের কৃষক প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর চার একর জমিতে বি ডাব্লিউ এম আর আই-৩ জাতের গম আবাদ করা হয়েছে। সেই ক্ষেতেই আয়োজন করা হয় মাঠভিত্তিক এই প্রশিক্ষণ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম গম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও উৎপাদন বাড়ানোর কৌশল নিয়ে কৃষকদের হাতে–কলমে ধারণা দেন।
কৃষক মোবারক আলী বলেন, নতুন জাত ও আধুনিক পদ্ধতিতে চাষ করে ভালো ফলনের আশা করছেন তিনি। মাঠে উপস্থিত কৃষকেরাও গমক্ষেত ঘুরে দেখেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে নানা বিষয় শিখে নেন।
কৃষি কর্মকর্তারা বলেন, এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা সহজেই নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পান এবং তা নিজ নিজ জমিতে প্রয়োগ করতে পারেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের লাভও বাড়বে।























