শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দেশের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি বা চেয়ারম্যান হতে এখন থেকে ন্যূনতম স্নাতক (গ্র্যাজুয়েশন) ডিগ্রি বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান/প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রিকে বেসলাইন যোগ্যতা হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, প্রার্থীর দক্ষতা ও যোগ্যতার অন্যান্য বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কাঠামোয় যোগ্য ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা, যাতে প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে।
পূর্ববর্তী সরকারের সময়কার বিধান প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, তখন অনেক ক্ষেত্রে সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষকের মধ্যেই কমিটিতে সুযোগ সীমাবদ্ধ থাকত। এতে নেপোটিজম বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠত এবং অনেক বিষয় নিরপেক্ষভাবে আলোচিত হতো না।
নতুন সিদ্ধান্তের ফলে সেই সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।





















