মুচলেকায় জামিন জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-এর শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ-এর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) শুনানি শেষে ঢাকা-র অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ-এর আদালত তাকে ৫০০ টাকা মুচলেকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন।
ঢাকার মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি পক্ষের আইনজীবী এস. এম. জাকির হোসেন জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার বাদী নির্জন সরদার বাঁধন, যিনি একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গত ২৬ ফেব্রুয়ারি গুলশান থানা-য় রিয়াদসহ ১১ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ২২ জনকে আসামি করা হয়।
অভিযোগ অনুযায়ী, ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় নির্জন সরদারের সঙ্গে আসামিদের দেখা হলে স্থায়ী ক্যাম্পাস ও কনভোকেশন ইস্যু নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আসামিদের হামলায় নির্জন সরদার গুরুতর আহত হন।
মামলায় বলা হয়, অভিযুক্তরা তাকে চেয়ার দিয়ে আঘাত করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মুখে আঘাত করলে তার নাকে গুরুতর জখম হয়। এ সময় তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ঘটনার দিনই রিয়াদের সঙ্গে একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থী— রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে গত ১৩ মার্চ তাকে আবার কারাগারে পাঠানো হয়। এর আগে ১২ মার্চ ওই তিন সহপাঠী জামিন পান।





















