ক্ষমতার এক মাস: আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করে আলোচনায় এসেছেন তিনি।
ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি
১৪ মার্চ দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা জোরদারে একটি নতুন উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আওতায় দেশের মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ মন্দির, বিহার ও গির্জার ধর্মীয় সেবকদের জন্য সরকারি সম্মানি চালু করা হয়। এর ফলে প্রথমবারের মতো বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারা রাষ্ট্রীয় ভাতার আওতায় এলেন।
খাল খনন কর্মসূচি
পানি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে দেশজুড়ে বড় পরিসরের খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। আজ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে ৫৩টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিরও উদ্বোধনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১০ মার্চ এ কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা হবে।
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা
সংসদীয় দলের প্রথম বৈঠকে বিএনপি সিদ্ধান্ত নেয়, দলটির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। এ সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পরীক্ষামূলকভাবে চালু হবে ‘কৃষক কার্ড’
কৃষকদের সহায়তা দিতে ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও নিয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখের মধ্যে আট জেলার নয়টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে প্রায় ২৫ হাজার কৃষক এ সুবিধা পাবেন।
ট্রাফিক সিগন্যাল মানার নির্দেশ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আরেকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন তারেক রহমান। ভিআইপি প্রটোকল সীমিত করে ট্রাফিক সিগন্যাল মেনে চলার নির্দেশ দেন তিনি। রাজধানীতে জনদুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ১৩–১৪টি থেকে কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়েছে।
জাকাত ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ
দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে শীর্ষ আলেম, ইসলামি অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে, যারা দারিদ্র্য বিমোচনে জাকাতের কার্যকর ব্যবহারের উপায় খুঁজবে।
‘মাননীয়’ সম্বোধনে আপত্তি
এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ‘মাননীয় প্রধানমন্ত্রী’ সম্বোধন করলে তা ব্যবহার না করার অনুরোধ জানান তারেক রহমান। তাঁর এই বিনয়ী আচরণও জনমহলে আলোচনার জন্ম দিয়েছে।
শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক বাণীতে তিনি বলেন, এই মহিমান্বিত রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা বয়ে আনে। তিনি কামনা করেন, লাইলাতুল কদরের বরকত বাংলাদেশের ওপর বর্ষিত হোক এবং দেশ শান্তি, সম্প্রীতি ও অগ্রগতির পথে এগিয়ে যাক।
আজ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আজ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি দেশের বিভিন্ন জেলার খাল খনন কার্যক্রমও উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে পারিবারিক কবর জিয়ারত করবেন এবং স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর দিনাজপুর সফরকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এই কর্মসূচির মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, মাছ চাষ ও খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।





















