আদমদীঘিতে ইফতারের নামে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিলের নামে দলীয় কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব হাসান, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য প্রদান করেন। এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ইফতার মাহফিলের আয়োজন করলেও সেখানে রমাদ্বান কিংবা ইফতারের ফজিলত সর্ম্পকে কোনো আলোচনা করতে দেখা যায়নি ভাইরাল সেই ভিডিওতে। আলোচনা শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের প্রাণোচ্ছল উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়।
সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রকাশ্যে এ ধরণের আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এ সম্পর্কে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আমাদের নজরে আসে। এর আগে আমরা জানতাম না।






















