গরমে রোদে পোড়া কালচে দাগে ভুগছেন? সহজ উপায়ে দূর করুন ট্যান
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
গরম পড়তেই ত্বকের নানা সমস্যা দেখা দেয়। কখনও ব্রণ, কখনও র্যাশ—তার ওপর তীব্র রোদে বেশি সময় থাকলে ত্বকে পড়ে কালচে দাগ বা সান ট্যান। অনেক সময় এই দাগের সঙ্গে ত্বকে জ্বালাপোড়া বা চুলকানিও শুরু হয়, যা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় রোদে থাকলে প্রথমে ত্বকে কালচে দাগ পড়ে, যাকে সান ট্যান বলা হয়। পরে সেই জায়গায় ব্রণ, ফুসকুড়ি বা ঘামাচি দেখা দিতে পারে। চুলকানি ও জ্বালাপোড়াও হতে পারে—এ অবস্থাকে বলা হয় সানবার্ন।
আর যদি সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে লালচে র্যাশ, ঘা, চামড়া ওঠা বা ক্ষত তৈরি হয়, তাহলে সেটি সান পয়জনিংয়ের লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রে চর্মরোগ হওয়ার ঝুঁকিও থাকে।
রোদ থেকে ফিরে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি। ঠান্ডা জলে স্নান করা এবং আক্রান্ত স্থানে বরফ ঘষলে জ্বালাপোড়া কিছুটা কমে। পাশাপাশি কয়েকটি ঘরোয়া উপায়েও দূর করা যেতে পারে রোদে পোড়া দাগ।
টক দই-বেসনের প্যাক
দুই চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ বেসন ও সামান্য হলুদ মিশিয়ে মুখ ও রোদে পোড়া অংশে লাগান। প্রায় ২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এটি ত্বকে প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে।
আলু ও লেবুর রস
আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক বেশি সংবেদনশীল হলে লেবু না দিয়ে শুধু আলুর রসও ব্যবহার করা যেতে পারে।
চন্দন-হলুদের প্যাক
চন্দন গুঁড়া ও হলুদের সঙ্গে মধু ও টক দই মিশিয়ে তাতে এক চামচ পাতিলেবুর রস দিন। ট্যান পড়া অংশে লাগিয়ে শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এতে ত্বক ঠান্ডা থাকে ও দাগ হালকা হয়।
কফির প্যাক
কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। বাইরে না গেলে পরে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার এবং প্রয়োজন হলে ছাতা বা টুপি ব্যবহার করাও জরুরি। এতে ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে অনেকটাই সুরক্ষিত রাখা যায়।





















