ধোনিকে বাদ দেওয়ার সাহস কারও নেই: বদ্রীনাথ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনিকে বাদ দেওয়ার সাহস কোনো কোচ বা সাপোর্ট স্টাফের নেই বলে মন্তব্য করেছেন চেন্নাই সুপার কিংসের সাবেক ক্রিকেটার সুব্রহ্মনিয়ম বদ্রীনাথ। তাঁর মতে, ধোনি দলের এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া বাস্তবে প্রায় অসম্ভব।
ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, দলে তারকাপূজার কোনো জায়গা নেই। তবে আইপিএলে সেই নীতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বদ্রীনাথ।
ধোনি আইপিএলের প্রতিটি মৌসুমেই খেলেছেন এবং এবার ১৯তম মৌসুমে মাঠে নামতে যাচ্ছেন। বয়সের কারণে তিনি সব ম্যাচ খেলবেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। অনেকের ধারণা, তাকে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যবহার করা হতে পারে অথবা কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।
তবে বদ্রীনাথ বলেন, ধোনিকে বসানোর সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তার মতে, যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তবে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিংকে গিয়ে ধোনিকে বলতে হবে যে তিনি ওই ম্যাচে খেলছেন না। কিন্তু ফ্লেমিং এমনটা করবেন বলে মনে করেন না তিনি।
বদ্রীনাথের ভাষায়, “ফ্লেমিং বা অন্য কোনো সাপোর্ট স্টাফের পক্ষে ধোনিকে গিয়ে বলা যে তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হবেন বা ম্যাচ খেলবেন না—এটা প্রায় অসম্ভব।”
তাই তার ধারণা, আইপিএলের প্রায় সব ম্যাচেই ধোনিকে মাঠে দেখা যাবে।





















