ফ্রিজের খাবার গরমে করছেন ভুল? স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হতে পারে
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
ব্যস্ত জীবনে অনেকেই একবারে বেশি রান্না করে ফ্রিজে সংরক্ষণ করেন। পরে প্রয়োজনমতো বের করে মাইক্রোওয়েভ বা চুলায় গরম করে খান। তবে বিশেষজ্ঞরা বলছেন, খাবার গরম করার সময় কিছু সাধারণ ভুলের কারণে শুধু স্বাদই নয়, খাবারের পুষ্টিগুণও নষ্ট হতে পারে।
ফ্রিজের খাবার গরমে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি
১. ফ্রিজ থেকে বের করেই গরম করা
অনেকে সরাসরি ফ্রিজ থেকে বের করে খাবার গরম করেন। এতে খাবারের স্বাদ ও গঠন নষ্ট হতে পারে। ভালো ফল পেতে খাবার গরম করার ১০–১৫ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হবে।
২. সব খাবার একইভাবে গরম করা
ভাত, পাস্তা, গ্রিলড চিকেন বা স্ট্যু—সব খাবার এক পদ্ধতিতে গরম করা ঠিক নয়। খাবারের ধরন অনুযায়ী তাপমাত্রা ও সময় ঠিক করা প্রয়োজন। না হলে খাবার শক্ত হয়ে যেতে পারে বা স্বাদ কমে যেতে পারে।
৩. অতিরিক্ত তাপে গরম করা
চুলায় গরম করার সময় অনেকেই বেশি আঁচ ব্যবহার করেন। এতে খাবারের পুষ্টিগুণ নষ্ট হতে পারে। তাই কম বা মাঝারি আঁচে ধীরে ধীরে গরম করাই ভালো।
৪. খাবার না নেড়ে গরম করা
খাবার গরম করার সময় নাড়াচাড়া না করলে কিছু অংশ বেশি গরম হয়ে যায়, আবার কিছু অংশ ঠান্ডা থেকে যায়। তাই গরম করার সময় মাঝে মাঝে নেড়ে দিলে খাবার সমানভাবে গরম হয়।
৫. একই খাবার বারবার গরম করা
একই খাবার বারবার গরম করা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এবং স্বাদও নষ্ট হয়। তাই যতটুকু প্রয়োজন ততটুকুই বের করে গরম করে সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া ভালো।
বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে খাবার গরম করলে তা প্রায় নতুন রান্নার মতোই সুস্বাদু ও পুষ্টিকর থাকে। তাই কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ফ্রিজে রাখা খাবারের স্বাদ ও গুণাগুণ দুটোই বজায় রাখা সম্ভব।





















