গরমে শিশুর ত্বকের যত্ন কীভাবে নেবেন? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
গরমের দিনে শিশুদের ত্বকের যত্ন নেওয়া বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। শিশুদের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি কোমল ও সংবেদনশীল হওয়ায় সামান্য অবহেলাতেই র্যাশ, ঘামাচি বা ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময়ে শিশুর ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি।
শিশুকে কীভাবে স্নান করাবেন
প্রচণ্ড গরমে শিশুদের ঘাম বেশি হলেও বারবার স্নান করানো ঠিক নয়। আবার খুব ঠান্ডা পানিতেও স্নান করানো উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, ঈষদুষ্ণ পানিতে শিশুকে স্নান করানো সবচেয়ে ভালো। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক সুস্থ থাকে।
সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার
শিশুর ত্বক কোমল রাখতে স্নানের পর ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। গরম বা শীত—সব ঋতুতেই এটি প্রয়োজন। তবে খুব বেশি সুগন্ধিযুক্ত বা রাসায়নিক উপাদানসমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করা ঠিক নয়। ময়েশ্চারাইজার কেনার আগে দেখে নেওয়া উচিত এতে প্যারাবেন, থ্যালেট বা কৃত্রিম রং আছে কি না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
তেলমালিশের উপকারিতা
শিশুর ত্বকের জন্য তেলমালিশও বেশ উপকারী। তবে তেল বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনেক ক্ষেত্রে প্রাকৃতিক তেল ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। যদি শিশুর ত্বকে র্যাশ বা ফুসকুড়ি দেখা দেয়, তবে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। দুই চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে লাগালে উপকার মিলতে পারে।
সানস্ক্রিন ব্যবহার জরুরি
অনেকে মনে করেন সানস্ক্রিন শুধু বড়দের জন্য। কিন্তু শিশুদের ক্ষেত্রেও এটি প্রয়োজন। বাইরে খেলাধুলা বা দীর্ঘ সময় রোদে থাকলে সান ট্যান, সান বার্ন বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরে বের হলে শিশুদের ত্বকে এসপিএফ ২০ বা ৩০ মাত্রার সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহার করা ভালো।
ক্লিনজার ব্যবহার
বাইরে খেলাধুলা করে বা স্কুল থেকে ফিরে শিশুদের মুখ ও হাত পরিষ্কার করা জরুরি। সে ক্ষেত্রে এমন ক্লিনজার ব্যবহার করা উচিত, যা ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখবে।
বাজারের ক্লিনজার ব্যবহার না করতে চাইলে ঘরোয়া উপায়ও অবলম্বন করা যায়। দুধের সঙ্গে ওটসের গুঁড়া ও সামান্য মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করে স্নানের আগে শিশুর ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে ত্বক পরিষ্কার ও কোমল থাকে।
গরমের দিনে শিশুদের ত্বক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। তাই সঠিকভাবে স্নান, ময়েশ্চারাইজার, তেলমালিশ, সানস্ক্রিন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের ত্বকের যত্ন নেওয়া জরুরি।





















