দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নতুন নির্দেশনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের প্রেক্ষাপটে দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সংযত হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বুধবার (১১ মার্চ) জারি করা সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার জন্য একাধিক নির্দেশনা দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার ঝুঁকি তৈরি হয়েছে, যা জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় সম্পদের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে:
- অফিসে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কমানো।
- আলো, পাখা ও এসি প্রয়োজন ছাড়া ব্যবহার না করা।
- দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার বৃদ্ধি।
- এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না।
অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত করা; ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণে ব্যয় কমানো। গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহার উৎসাহিত করা।
অপ্রয়োজনীয় ভ্রমণ ও জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখা।
ব্যাংক ভবনে অপ্রয়োজনীয় সাজসজ্জার আলো এবং নির্ধারিত সময়ের বাইরে প্রচারমূলক ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড চালু না রাখা।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি হওয়া বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ সংক্রান্ত পূর্বের নির্দেশনাও কঠোরভাবে অনুসরণ করতে হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার কারণে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এই নির্দেশনা নেওয়া হয়েছে।

























