ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত থেকে জামিন পান তিনি।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারও আগে ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলা নামের এক তরুণীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়।
পরে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গত ১৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।





















