পাম্পে তেল সরবরাহ বৃদ্ধি করলো বিপিসি
- সংবাদ প্রকাশের সময় : ০১:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বৃদ্ধি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পূর্বে ২৫ শতাংশ কমানো সরবরাহকে বুধবার থেকে ১৫ শতাংশ হ্রাসে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিপিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে।
এ অনুযায়ী, দেশের বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহের বরাদ্দ পূর্বের ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে ১৫ শতাংশ হ্রাসে কার্যকর হবে। বিপিসি জোর দিয়ে বলেছে, এই হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তার অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার/এজেন্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বিপিসি আশা করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের জনগণ আরও স্বাচ্ছন্দ্যে জ্বালানি তেল ব্যবহার করতে পারবে এবং বাজারে তেলের সরবরাহ নিশ্চিত থাকবে।





















