বাংলা টাইমস’র সাংবাদিক আবু হানিফকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সাংবাদিক আবু হানিফকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) সকালে শরণখোলা থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, শরণখোলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল তালুকদার তাকে ফোনে প্রাণনাশের হুমকি দেন।
আবু হানিফ অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস-এর বাগেরহাট প্রতিনিধি। এছাড়া তিনি খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকায় কাজ করছেন।
সাংবাদিক আবু হানিফ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ০১৭১৩৯২৬৮২৩ নম্বর থেকে শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের সোহেল তালুকদার বা ‘বালু সোহেল’ অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেন।
সোহেল তালুকদার স্থানীয় মৃত বাদশা তালুকদারের ছেলে ও রায়েন্দা বান্দা ঘাটা এলাকার একজন বালু ব্যবসায়ী। হুমকির কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
আবু হানিফ ঘটনার পর সোহেল তালুকদারসহ আরও তিনজনকে উল্লেখ করে শরণখোলা থানায় জিডি করেছেন। সোহেল তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো উত্তর দেননি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত শেষে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




















