জাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার সম্ভাবনা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ বিষয়ে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। এতে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ ও আলেম-ওলামারা থাকবেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম আগামী দশ দিনের মধ্যে প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। এরপর জাকাত ব্যবস্থাপনা উন্নয়ন ও জাকাত বোর্ড পুনর্গঠন বিষয়ে কমিটি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করবে।
উল্লেখ্য, গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





















