ভোটে তৃণমূলের ‘চমক’ কোয়েল মল্লিক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (টিএমসি)। ভোটের আগে এই ঘোষণাকে বড় রাজনৈতিক চমক হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে ঘোষিত তালিকায় প্রশাসন, আইন ও বিনোদন জগতের পরিচিত মুখদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়ক ও রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিরেক্টর জেনারেল অব পুলিশ রাজীব কুমার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বিশেষ করে কোয়েল মল্লিকের নাম ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।
দলীয় বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, এই প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করতে পেরে তারা আনন্দিত। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বলা হয়েছে, প্রার্থীরা দলের দীর্ঘদিনের সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবেন এবং প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করবেন— এমনটাই প্রত্যাশা দলের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই প্রার্থী তালিকা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তালিকায় প্রশাসনিক অভিজ্ঞতা, আইনি দক্ষতা এবং বিনোদন জগতের জনপ্রিয়তার এক অনন্য সমন্বয় দেখা গেছে। বিশেষত প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের অন্তর্ভুক্তি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
অন্যদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইডি-সংক্রান্ত মামলায় সরকারি আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা মেনকা গুরুস্বামীর মনোনয়নও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, রাজ্যসভা নির্বাচনের আগে তৃণমূলের এই পদক্ষেপকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলী চাল বা ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে ব্যাখ্যা করছেন।




















