বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
বিমানবন্দর ও রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই জোন হবে
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, দেশের বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড যানবাহনে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এ খাতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি এবং ইন্টারনেট সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, দেশের তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে। ধাপে ধাপে আইসিটি খাতকে আরও সম্প্রসারণের মাধ্যমে জনবান্ধব সরকার গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী বলেন, টাঙ্গাইলেও আইসিটি খাতে উন্নয়নের পরিকল্পনা রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, সরকার তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।























